
মুম্বাইয়ে দালাল স্ট্রীটে শেয়ার দালালদের ‘মাথায় হাত দেওয়া’-র ছবি দেখতে কিছুদিন আগেও অভ্যস্ত হয়ে পড়েছিল ভারতবাসী। কিন্তু এবার ছবিটা একটু অন্যরকম। এবার স্থান কোলকাতার প্রতিটি গৃহস্থ বাড়ির হেঁসেল। আর সেই একই মাথায় হাত দেওয়ার ছবি, তবে শেয়ারদালালদের নয়-গৃহিণীদের।
বাজারে গেলেই এখন বাঙ্গালী গৃহকর্তাদের চক্ষু চড়কগাছ। কারণ গত কয়েকমাসে এক টাকাও দাম কমেনি কোনো শাক-সব্জির। এমনকি, আলুরও নয়। মাছের দামও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বেড়েছে পটল, ঢেঁড়শ বা কুমড়ো-বেগুনের দামও। কেজি প্রতি প্রতিটিরই দাম বেড়ে হয়েছে আকাশছোঁয়া। প্রতিটি সব্জির দামই বেড়েছে কেজি প্রতি দুই থেকে তিন টাকা করে।
কিন্তু তড়তড়িয়ে দাম বাড়ার কারণ কি? বিশেষজ্ঞদের মতে, ‘এবার বর্ষা দেরিতে আসায় বর্ষার ফসল ঠিকমতো বাজারে আসেনি। তাই মাঠে পাম্প চালিয়ে জলসেচ করতে হচ্ছে। ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে চাষীদের। যার ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা’।
শুধু কি তাই। এর সাথে রয়েছে আয়েলার প্রভাব। আয়েলার তান্ডবে ক্ষতিগ্রস্থ হয়েছে গ্রামের পর গ্রাম। ব্যহত হয়েছে চাষ-বাস। তারই প্রতিচ্ছবি দক্ষিণে লেক মার্কেট থেকে উত্তরে শোভাবাজারে নিত্যনৈমিত্তিক দ্রব্যের মূল্য বৃদ্ধি।
বাজারদর নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই এ নিয়ে বৈঠক করবেন বলে জানালেন এ রাজ্যের মুখ্যসচিব অশোকমোহন চক্রবর্তী।
No comments:
Post a Comment